### এক সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা রিজভীর আগামী এক সপ্তাহের মধ্যেই দেশে গ্যাসের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে বৈশ্বিক পরিস্থিতির অংশ হিসেবে উল্লেখ করে তিনি জানান, এ সংকট মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, বর্তমানে দেশে যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি তৈরি হয়েছে, তা শুধু বাংলাদেশের নয়, বরং বৈশ্বিক সংকটের অংশ। তবে এই পরিস্থিতিতে সরকার নিষ্ক্রিয় হয়ে বসে নেই বলেও মন্তব্য করেন তিনি। গ্যাস সরবরাহের বিষয়ে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, আগামী সপ্তাহের মধ্যেই দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে তিনি আশাবাদী। সরকার ও বিএনপি পরস্পরের সহযোগী হিসেবে কাজ করছে বলেও মন্তব্য করেন রিজভী। তার ভাষ্য, বিভিন্ন চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলা করেই সরকারের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। দেশে বিদ্যমান সংকটগুলো দ্রুত কেটে যাবে এবং শিগগিরই সব ধরনের সমস্যার সমাধান হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। | bdjonomot24