— বিজ্ঞাপন —
কালুখালীতে অনুমোদনহীন পশুখাদ্য বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে অনুমোদনহীনভাবে পশুখাদ্য বিক্রি ও সঠিকভাবে সংরক্ষণ না করায় দুটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার রতনদিয়া বাজারের মেসার্স সুরাইয়া ট্রেডার্স ও মেসার্স রাজধানী ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স বা অনুমোদন ছাড়া পশুখাদ্য বিক্রি এবং সঠিকভাবে মজুদ ও সংরক্ষণ না করার অপরাধে মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০ অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস সাদাত মাহমুদ উল্লাহ। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতন। এ ছাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. মুনতাসির মাহমুদ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, নিরাপদ পশুখাদ্য নিশ্চিত করা এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। | bdjonomot24